Recent Posts

6/recent/ticker-posts

হরিনাম সংকীর্তন ( Harinam Sankirtan )

 





" হরিনাম সংকীর্তন ( Harinam Sankirtan )" !

---------------------------------------------------------------

হরি +নাম = হরিনাম ৷ মানে হরির নাম জপ ৷

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামই হল হরিনাম ৷

"কৃষ্ণ" সর্বাকর্ষক বা চিত্তাকর্ষক  ৷ তিনি আমাদের চিত্ত হরণ করুন , ও "রাম" সর্ব মনোরম বা  সব আনন্দের আধার ৷ আমরা চাই রাম আমাদের মন হরণ করুন ৷ "হরে" হলো ভগবানের আনন্দ দেওয়ার শক্তি বা নাদশক্তি স্বরূপা রাধারানী ৷ এর দুটি অর্থ হরণ করা আবার হরণ হওয়া ৷"হরি" শব্দে জগতের সব মোহ দূর হয় ৷ তাই হরিনাম পরম সত্তা ঈশ্বরের তিনটি নাম হরে , কৃষ্ণ ও রাম শব্দত্রয় দ্বারা রচিত ৷ 'মহা' মানে সবচেয়ে বড় আর 'মন্ত্র

(মন্ +ত্র)' হলো জড় বন্ধন ও অজ্ঞানতা থেকে ত্রাণ করে ৷

"হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।।"

উচ্চস্বরে পবিত্র এই নাম জপ করে ও শুনে আমরা জানতে পারি আমাদের উৎস ,লাভ করি আধ্যাত্মিক আনন্দের অভিজ্ঞতা ৷ এরমধ্যে আছে আনন্দ -বেদনা , হাসি-কান্না ,প্রেম- ভালোবাসা ৷ শ্রীকৃষ্ণ সৎ , চিৎ ও আনন্দরূপী তিন গুণ সন্ধিনী , সংবিৎ ও হ্লাদিনী ব্যাপক অর্থে কর্ম , জ্ঞান ও ভক্তির অধিকারী ৷ হরিনামের  সুর , লয় ও ছন্দ  এমন ভাবে বাঁধা যে বিশ্বের সব প্রান্তের

যে কোন ভাষাভাষীর হৃদয়ে কম্পন তোলে ৷ পৃথিবীর সব নগর ও গ্রামে আজ তা ঢেউ তুলেছে ৷

" এতাবানেব লোকেহস্মিন্ পুংসাং ধর্মঃ পরঃ স্মৃতঃ

ভক্তিযোগো ভগবতি তন্নামগ্রহণাদিভিঃ ৷৷"

( শ্রীমদ্ভাগবত ৬.৩.২২ )৷

যার বাংলা করলে হয় ,"ভগবানের দিব্যনাম কীর্তন থেকে যে ভক্তিযোগের শুরু ,তাই মানব সমাজের 

পরম ধর্ম ৷

এই মহামন্ত্র কীর্ত্তন করাই এই দুঃখময় জগতে এবং অনিত্য পৃথিবীতে জীবকুলের উদ্ধারের পথ । শাস্ত্রমতে, এ ছাড়া আর কোনই গতি নেই । হরিনাম সংকীর্ত্তনই কলিকালে একমাত্র গতি ।

শুদ্ধভাবে এই মহামন্ত্র জপ কীর্ত্তন চর্চা করলে কলিযুগের মানুষ ভক্তিপূর্ণ জীবন যাপনের পথ খুঁজে পায় এবং তখন সে পরমেশ্বর ভগবানের চির আনন্দময় ধাম বৈকুন্ঠে  প্রবেশ লাভের যোগ্যতা অর্জন করে ।

এই মহামন্ত্র কলি যুগের জড়কলুষ থেকে মুক্তির উপায় ৷ ১৬ সখা,১৬ সখী বত্রিশ অক্ষরের এই মন্ত্র

পরমব্রহ্মের তিনটি সংস্কৃত নাম "হরে" , "কৃষ্ণ" ও

"রাম" ৷১৬ শব্দের এই বৈষ্ণব মন্ত্র কলি সন্তরণ 

উপনিষদে লেখা আছে ৷ "হরিনাম" কীর্তন ও জপ

করলে আমাদের অশান্ত মন বশ হয় ও পরম আনন্দ লাভ হয় ৷

কলিযুগে কলিবদ্ধ মানুষ কায়মনোবাক্যে কোন না কোনও ক্ষেত্রে অশুদ্ধই থাকে। কিন্তু কলিতে যুগধর্ম হরিনাম জপ কীর্তনে যুক্ত হতেই নির্দেশ দেয়া হয়েছে।

স্কন্দ পুরাণ তাই বলেছে -

"ন দেশকালাবস্থাসু শুদ্ধ্যাদিকমপেক্ষতে ।

কিন্তু স্বতন্ত্রমেবৈতন্ মান কামমিতকামদম ।। "

শ্রীহরির নাম কীর্তনে দেশ কাল অবস্থা বিষয়ে কোনও শুদ্ধতার অপেক্ষার প্রয়োজন নেই। হরিনাম সম্পূর্ণ ভিন্ন ও  সর্ববিধ ফলদায়ক ৷ আসলে "হরিনামবিহীন" অবস্থাটাই সবচেয়ে অশুদ্ধ অবস্থা ৷ কলির অবতার মহাপ্রভু শ্রীচৈতন্যদেব একমাত্র অস্ত্রবিহীন অবতার ৷ তিনি অস্ত্র হাতে কাউকে বধ করতে আসেন নি ৷ হরিনাম মন্ত্র জগতে বিতড়ন করেছেন ৷ এই মহামন্ত্র তাঁর অস্ত্র ৷ যাতে জগাই -মাধাইয়ের অস্ত্র অকার্য্যকর হয়ে যায় ৷

"যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন ৷

চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন ৷৷

( চৈতন্য চরিতামৃত আদি ৩.৯৯) ৷

এ যুগে হরিনাম বিনা জীবের গতি নাই ।

"নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম ৷

 সর্বমন্ত্রসার নাম , এই শাস্ত্রমর্ম ৷৷"

( চৈতন্যচরিতামৃত আদি ৭.৭৪) ৷

"হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলাম্

কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।।"

( বৃহন্নারদীয় পুরাণ )

কলিকালে নামরূপে কৃষ্ণ -অবতার।

নাম হৈতে হয় সর্বজগৎ - নিস্তার ।।

দার্ঢ্য লাগি হরে র্নাম উক্তি তিন বার ।

জড় লোক বঝাইতে পুনঃ  এব - কার।।

কেবল শব্দে পুনরপি নিশ্চয় করণ।

জ্ঞান -যোগ -তপ-কর্ম আদি নিবারণ ।।

অন্যথা যে মানে তার নাহিক নিস্তার।

নাহি নাহি নাসি- তিন উক্ত এব কার।।

( চৈতন্য চরিত্রামৃত) ৷

"কৃতে যদধ্যায়তো বিষ্ণুং ত্রেতায়াং যজতো মখৈঃ ৷

দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরিকীর্তানাৎ ৷৷"

( ব্রহ্মান্ড পুরাণ ) ৷

"যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ৷

নামের সহিত আছে আপনি শ্রীহরি ৷৷"

( নরোত্তম দাস ঠাকুর ) ৷

হরিনাম জপ আমাদের দিব্য আনন্দ এনে দেয় এতে যেকোন জড় কলুষতা থেকে মুক্তি লাভ হয় ৷

পাপ দূর হয়ে তখুনি নাদ বা জ্যোতির আবির্ভাব হয় ৷ভগবানের লীলাচিন্তা ও নাম গান নিয়ে অব্যর্থ কালত্ব ৷ হরিনামে আমরা হরে , কৃষ্ণ ও রাম তিনটি নাম পাই যা ভগবানের সৎ , চিৎ ও আনন্দ এই তিনগুণ ৷ 'নাম হট্ট' বা পবিত্র নামের বাজার প্রথম চালু করেন প্রভু নিত্যানন্দ আজ থেকে পাঁচশো বছর আগে নবদ্বীপের গোদ্রুমা দ্বীপে ৷ এখন ইসকন পৃথিবীর ১৫৬টি দেশে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর দিনটিতে "বিশ্ব হরিনাম দিবস " পালন করে ৷

( আমার লেখা হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়ের বই "সনাতনী কৃষ্টিকথা " ও " হিন্দু ধর্ম" ৷ বই দুটিতে সনাতন ধর্মের বিভিন্ন বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি ৷ পড়ার অনুরোধ রইল ) ৷

" জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ -

শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ৷

॰॰॰॰॰ ডাঃদীপালোক  বন্দ্যোপাধ্যায় ৷

          ৯৭৩২২১৭৪৮৯

Post a Comment

0 Comments